ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঘুম থেকে উঠেই এই চার অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০৬:৫২ এএম
ঘুম থেকে উঠেই এই চার অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন। ছবি : সংগৃহীত

সকালে ঘুম ভাঙার পর বিছানা ছাড়তে মন চায় না, এ অভ্যাস অনেকেরই। আর উঠলেও হাত চলে যায় বালিশের পাশে রাখা মুঠোফোনের দিকে। এতে দিনের শুরুর মূল্যবান সময় নষ্ট হয়। অথচ সুস্বাস্থ্য ও কর্মক্ষমতা ধরে রাখতে সকালের সময়টাকে একটু যত্নে সাজিয়ে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

ডায়েটেশিয়ান ও জিমনেশিয়ানদের মতে, দিনের শুরুতেই চারটি কাজ অভ্যাসে আনলে শরীর ও মন দুটিই থাকে চাঙা। কী সেই চার কাজ, আর কেনই বা সেগুলো গুরুত্বপূর্ণ—জেনে নেওয়া যাক।

সকালে যে চারটি কাজ জরুরি

১. খালি পেটে পানি পান 

ঘুম থেকে উঠেই এক গ্লাস পানি পান করার অভ্যাস করুন। চাইলে পানিতে লেবু ও সামান্য মধু মিশিয়ে নিতে পারেন।

২. হালকা ব্যায়াম বা স্ট্রেচিং

৫ থেকে ১০ মিনিট হালকা স্ট্রেচিং, যোগব্যায়াম কিংবা ঘরের ভেতর কিছুক্ষণ হাঁটাচলা শরীরকে জাগিয়ে তুলতে সাহায্য করে।

৩. সূর্যের আলো বা মেডিটেশন

জানালার পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ সূর্যের আলো নিন। সময় পেলে ৫ মিনিট চোখ বন্ধ করে ধ্যান বা মেডিটেশন করতে পারেন।

৪. পুষ্টিকর নাশতা

তাড়াহুড়ো করে চা-কফি, পাউরুটি বা বিস্কুট দিয়ে দিন শুরু না করে ফাইবার ও প্রোটিনসমৃদ্ধ খাবার রাখুন সকালের নাশতায়। নাশতার পর দুটি মৌসুমি ফল খাওয়ার অভ্যাসও ভালো।

কেন করবেন এই চার কাজ

খালি পেটে পানি পান

সারারাত ঘুমের পর শরীর কিছুটা পানিশূন্য থাকে। সকালে পানি পান করলে ডিহাইড্রেশন দূর হয়, মেটাবলিজম বাড়ে এবং হজমজনিত সমস্যা কমে।

হালকা ব্যায়াম বা স্ট্রেচিং

শরীরের রক্ত সঞ্চালন বাড়ায়, অলসতা কাটায় এবং সারাদিন কাজ করার মতো শক্তি জোগায়।

সূর্যের আলো বা মেডিটেশন

সূর্যের আলো শরীরে ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে। আর মেডিটেশন মানসিক চাপ কমিয়ে মনোযোগ বাড়াতে সহায়ক।

পুষ্টিকর নাশতা

দিনের শুরুতে সঠিক খাবার শরীরকে প্রয়োজনীয় শক্তি দেয়। এতে ক্লান্তি কমে এবং সুস্থ থাকা সহজ হয়।

সকালের এই চারটি অভ্যাস নিয়মিত চর্চা করলে শুধু শরীরই নয়, মনও থাকবে চাঙা—পুরো দিনটাই কাটবে গুছিয়ে।

সূত্র: হেলথলাইন