ফাগুনের আগমনে চারদিকে যখন বসন্তের রং আর দখিনা বাতাসের দোলা, তখন হয়তো শহরের আনাচে-কানাচে যুগলদের দেখে আপনার একাকীত্ববোধ হতে পারে। মনে হতে পারে, এই উৎসব বুঝি শুধু তাদেরই জন্য। কিন্তু ভুল ভাবছেন! রবীন্দ্রনাথের ভাষায় নিজেকে মনে করিয়ে দিন— ‘আমার মুক্তি সর্বজনের মনের মাঝে’।
ভালোবাসা মানেই কি শুধু অন্য কারো সাথে থাকা? ভালোবাসা হতে পারে নিজের আত্মার সাথে নিজের মিলনও। এই বসন্তে আপনি যদি ‘সিঙ্গেল’ হন, তবে জেনে রাখুন, দিনটি আপনার জন্যই শ্রেষ্ঠ উপহার। কারণ, পৃথিবীর সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রেম কাহিনিটি শুরু হয় নিজের সাথে।
এই ভালোবাসা দিবসে নিজেকে ভালোবাসার মাধ্যমে কীভাবে দিনটি স্মরণীয় করে তুলবেন, তার কিছু উপায় নিচে দেওয়া হলো :
নিজেকে উপহার দিন
কেউ ফুল দেবে সেই অপেক্ষায় না থেকে, নিজেই নিজের জন্য পছন্দের ফুল কিনে ফেলুন। নিজের প্রিয় কোনো বই, পোশাক বা শৌখিন জিনিস নিজেকে উপহার দিন। আত্মতুষ্টির চেয়ে বড় সুখ আর নেই। বইয়ের পাতায় ডুব দিয়ে কফির কাপে চুমুক দেওয়ার আনন্দই আলাদা।
আভিজাত্যের সাথে একাকী ভোজন
ভিড় এড়িয়ে ঘরে বসে না থেকে, সুন্দর পোশাক পরে বেরিয়ে পড়ুন। আপনার প্রিয় রেস্তোরাঁয় গিয়ে নিজের পছন্দের খাবারটি অর্ডার করুন। একাকী খাওয়ার মাঝে যে স্বাধীনতা ও আভিজাত্য আছে, তা ভিড়ের মাঝে খুঁজে পাওয়া কঠিন। একা ভালো না লাগলে প্রিয় বন্ধু বা পরিবারকে সঙ্গী করে নিতে পারেন।
প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানো
শহরের কোলাহল ভালো না লাগলে কোনো পার্ক বা লেকের ধারে ছোটখাটো পিকনিকের আয়োজন করুন। প্রকৃতির সান্নিধ্য আপনার মনে প্রশান্তি আনবে। চাইলে কোনো জাদুঘর বা অচেনা অলিগলিতে ছোটখাটো ভ্রমণেও বেরিয়ে পড়তে পারেন।
ভার্চুয়াল জগত থেকে বিরতি
সোশ্যাল মিডিয়ায় অন্যের ‘পারফেক্ট’ সম্পর্কের ছবি দেখে হীনম্মন্যতায় ভুগবেন না। আজকের দিনে ফোনটা দূরে রাখুন। ভার্চুয়ালি নিজেকে জাহির করার চেয়ে বাস্তবে নিজের যত্ন নেওয়া বেশি জরুরি। চাইলে পার্লারে গিয়ে স্পা বা ত্বকের যত্ন নিতে পারেন।
মানুষের সেবায় ভালোবাসা
একাকিত্ববোধ হলে মানুষের সেবায় দিনটি উৎসর্গ করুন। কোনো অনাথ আশ্রম বা সুবিধাবঞ্চিত শিশুদের সাথে সময় কাটিয়ে দেখুন। তাদের নির্মল হাসিতে যে ভালোবাসা খুঁজে পাবেন, তা কোনো রোমান্টিক ডিনারেও সম্ভব নয়।
একটি মেকি সম্পর্কের চেয়ে একা থাকা অনেক বেশি গৌরবের। একাকিত্ব দুর্বলতা নয়, বরং এটি নিজেকে চেনার শক্তি। নিজের স্বাধীনতার কদর করুন। এই বসন্তে নিজেকে বলুন— ‘আমি আমাতেই ধন্য।’


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন