বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে গত সাত দিনে ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করছে। এ ধারাবাহিকতায়, ১১ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের ইউনিট অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় যৌথ অভিযান চালায়।
যৌথ অভিযানে সন্ত্রাসী, মাদক কারবারি, মাদকাসক্ত, ডাকাত, কিশোর গ্যাং ও চোরাকারবারিসহ মোট ৫১ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৯টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ২৭ রাউন্ড গোলাবারুদ, ককটেল, মাদকদ্রব্য এবং ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আইএসপিআর আরও জানায়, দেশে জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী বিভিন্ন অঞ্চলে নিয়মিত টহল এবং নিরাপত্তা অভিযান চালাচ্ছে। পাশাপাশি শিল্পাঞ্চলে উদ্ভূত শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণেও সেনাবাহিনী যথাযথ দায়িত্ব পালন করছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন