জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে পৌঁছাবে।
বিষয়টি নিশ্চিত করেছে ইনকিলাব মঞ্চ।
জানা যায়, বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে সিঙ্গাপুরের স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে মরদেহটি ঢাকার উদ্দেশে রওনা হবে। ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
এর আগে শুক্রবার সকাল ১০টায় সিঙ্গাপুরের ঐতিহাসিক অ্যাঙ্গুলিয়া (দ্য আঙ্গুলিয়া) মসজিদে শহীদ ওসমান হাদির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বাংলাদেশে তার দ্বিতীয় জানাজা শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দেশবাসীকে জানাজায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনি প্রচারণাকালে সন্ত্রাসীদের গুলিতে মাথায় গুরুতর আহত হন ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত পৌনে ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শহীদ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তার মৃত্যুতে সরকার শনিবার (২০ ডিসেম্বর) সারাদেশে এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। ওই দিন সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশি মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। একই সঙ্গে দেশের সব মসজিদ, মন্দির ও উপাসনালয়ে তার আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
শহীদ ওসমান হাদির মৃত্যুতে দেশে-বিদেশে শোকের ছায়া নেমে এসেছে। সর্বস্তরের মানুষ তার আত্মার মাগফেরাত কামনা করছেন।

