ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

প্রথম আলোর আগুন নেভাতে গিয়ে তিন ফায়ার ফাইটার  আহত

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ১১:৩৯ এএম
প্রথম আলোর আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস। ছবি - সংগৃহীত

রাজধানীর কাওরান বাজারে প্রথম আলোর অফিসে আগুন নেভানোর সময় তিনজন ফায়ার ফাইটার গুরুতর আহত হয়েছেন। তাদেরকে প্রাথমিকভাবে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে।

আহত তিনজনের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে- তারা হলেন- মো. আলমগীর হোসেন (৪০) ও মো. শফিউল ইসলাম (৪২) রয়েছেন। তারা মোহাম্মদপুর ফায়ার স্টেশনের সদস্য।

এ ঘটনা প্রসঙ্গে ফায়ার স্টেশন কমান্ডার মিজানুর রহমান জানান, আগুন নেভানোর সময় পানি লাইন দেওয়ার সময় হঠাৎ বৈদ্যুতিক শর্ট লেগে তিনজন গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহতদের অবস্থা আপাতত স্থিতিশীল, তবে একজনের অবস্থা এখনো আশঙ্কাজনক।

ঘটনার পেছনে রয়েছে ছাত্র-জনতার বিক্ষোভ। গতকাল (১৮ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর প্রকাশিত হওয়ার পর বিক্ষুব্ধ ছাত্র-জনতা রাজধানীর বিভিন্ন স্থানে প্রতিবাদ শুরু করে। এক পর্যায়ে তারা কাওরান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে ভাঙচুর এবং আগুন দেয়। এই আগুন নেভানোর সময় আজ ভোরে তিনজন ফায়ার ফাইটার বিদ্যুতায়িত হন।

উল্লেখ্য, শরিফ ওসমান হাদি ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তিনি সিঙ্গাপুরে পাঠানো হয়েছিলেন, কিন্তু সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর রাতে তিনি মারা যান।

এই ঘটনায় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ আহত ফায়ার ফাইটারদের চিকিৎসা নিশ্চিত করছে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থার উন্নতি করার ঘোষণা দিয়েছে।