ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কবি নজরুলের পাশেই সমাহিত হবেন হাদি— ইনকিলাব মঞ্চ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ০৬:১৬ পিএম
কবি নজরুলের পাশেই সমাহিত করা হবে ওসমান হাদিকে। ছবি- সংগৃহীত

লাল-সবুজের পতাকায় মোড়ানো ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের সম্মুখযোদ্ধা শরিফ ওসমান হাদির মরদেহ অবশেষে মাতৃভূমিতে পৌঁছেছে। পরিবার ও রাজনৈতিক সহকর্মীদের দাবি-অনুসারে তাকে কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে ইনকিলাব মঞ্চ জানিয়েছে, হাদির জানাজার অনুষ্ঠান আজকের পরিবর্তে আগামীকাল অনুষ্ঠিত হবে। এরপর মিছিলের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আনা হবে, যেখানে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন ও শেষ বিদায় দেওয়া হবে। 

মরদেহ বর্তমানে বিমানবন্দর থেকে হিমাগারের নিয়ে যাওয়া হচ্ছে। হিমাগারে মরদেহ রাখা হলে ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে এসে অবস্থান নেবেন।

ইনকিলাব মঞ্চ জানিয়েছে, ছাত্র-জনতা আজ এবং আগামীকাল শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবেন। কোনো বাহ্যিক গোষ্ঠী যাতে আন্দোলনে অনুপ্রবেশ করতে না পারে এবং সহিংসতার সুযোগ না পায় তা নিশ্চিত করতে সকলকে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।

সংগঠনটি জানিয়েছে যে মরদেহ প্রদর্শনের কোনো সুযোগ থাকবে না। তাই সকলের প্রতি আহ্বান, শহীদ ওসমান হাদির জন্য দোয়া পাঠানো এবং কর্মসূচিতে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণভাবে অংশ নেওয়া।

গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে গুরুতর আহত করে। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, পরে ওই রাতেই এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে ছয় দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।