বাংলাদেশে চলমান অভ্যন্তরীণ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলেও ঘরোয়া রাজনৈতিক বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না ভারতের সরকার— এক বিবৃতিতে এমন তথ্য দিয়েছে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) এ খবর জানায় আলজাজিরা। হাইকমিশনের এক মুখপাত্র বলেন, ভারত ও বাংলাদেশের জ্যেষ্ঠ কর্মকর্তারা অবগত যে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এখনো পরিবর্তনশীল এবং বিকাশমান। এই ধরনের পরিস্থিতিতে বিষয়গুলো গভীর, নিরপেক্ষ ও সতর্ক বিশ্লেষণের প্রয়োজন রয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, গণঅভ্যুত্থানের পর প্রায়শই অনাকাঙ্ক্ষিত ও মর্মান্তিক পরিণতি দেখা যায়। এর উদাহরণ হিসেবে সাম্প্রতিক সময়ে তরুণ নেতা শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড উল্লেখ করা হয়েছে।
হাইকমিশন জোর দিয়ে জানিয়েছে, বাংলাদেশে চলমান ঘটনাপ্রবাহে ভারত মনোযোগী থাকলেও দেশটি প্রতিবেশী বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ায় কোনো হস্তক্ষেপ করবে না। বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে, ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অনধিকার চর্চা থেকে বিরত।
অন্যদিকে, সাম্প্রতিক আন্দোলনের প্রেক্ষাপটে কিছু বিক্ষোভকারী অভিযোগ তুলেছেন যে, ভারত বাংলাদেশের পূর্বের সরকারের সদস্যদের আশ্রয় দিচ্ছে। এসব অভিযোগের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও উল্লেখ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন