ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

তিন বাহিনীর প্রধানদের সঙ্গে সিইসির বৈঠক আজ 

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০৯:৩২ এএম
নির্বাচন কমিশনের লোগো। ছবি- সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এন নাসির উদ্দিন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রোববার (২১ ডিসেম্বর) এ বৈঠক অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় নির্বাচন ভবনে এ সভায় থাকবেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

এদিন দুপুর আড়াইটায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলাসংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। সিইসির সভাপতিত্বে এ সভায় চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত থাকার কথা রয়েছে।

আলোচ্যসূচিতে রয়েছে- নির্বাচনের আগের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী কার্যক্রম দমনে যৌথ বাহিনীর কার্যক্রম ও আচরণ বিধিমালা অনুযায়ী নির্বাচনি পরিবেশ বজায় রাখা। এ ছাড়া বিবিধ বিষয় রয়েছে আলোচ্যসূচিতে।

ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক বলেন, সভা শেষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্বাচন কমিশন সচিবালয়ের বেজমেন্টে হলরুমে আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ অস্ত্র উদ্ধার, যৌথ বাহিনীর কার্যক্রম সম্পর্কে সংবাদমাধ্যমকে ব্রিফ করবেন।

ইসি কর্মকর্তারা জানান, সভায় দেশের বর্তমান নিরাপত্তা ব্যবস্থা এবং নির্বাচনের আগে শান্তিশৃঙ্খলা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। স্বরাষ্ট্র সচিব, সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায়ের শীর্ষ কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান বা তাদের প্রতিনিধিদের উপস্থিত থাকতে চিঠি পাঠিয়েছে ইসি।