‘অবৈধ সম্পদ’ অর্জনের অভিযোগে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ১৩ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগ যাচাই-বাছাইয়ে অনুসন্ধান কর্মকর্তাদের দায়িত্ব দিয়েছে সংস্থাটি।
রোববার এসব কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু হওয়ার তথ্য দিয়েছেন দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।
এসব কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগ যাচাই-বাছাইয়ে অনুসন্ধান কর্মকর্তাদের দায়িত্ব দিয়েছে সংস্থাটি।
দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, মানি লন্ডারিং এবং নিজ ও স্ত্রীর নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
যাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে তারা হলেন—এনএসআইর অতিরিক্ত পরিচালক মো. আজিজুর রহমান, এমএসকে শাহীন ও মোহাম্মদ জহীর উদ্দিন, যুগ্ম পরিচালক মো. ইসমাইল হোসেন, জিএম রাসেল রানা, এফএম আকবর হোসেন, মো. নাজমুল হক, বদরুল আহমেদ ও শেখ শাফিনুল হক এবং উপপরিচালক কামরুল হাসান, আমিনুল হক, শেখ খাইরুল বাসার ও জহরলাল জয়ধর।
এ ব্যাপারে প্রতিক্রিয়া জানতে অতিরিক্ত পরিচালক আজিজুর রহমানকে ফোন করা হলেও তিনি ধরেননি।
আরেক অতিরিক্ত পরিচালক মোহাম্মদ জহীর উদ্দিন বলেন, ‘বিষয়টি আমি আজকেই জেনেছি। সারাজীবন সততার সঙ্গে চাকরি করেছি। কেন আমার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, আমি বুঝতে পারছি না।’

