ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

এভারকেয়ার হাসপাতাল এলাকায় কড়া নিরাপত্তা জোরদার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ১২:৫৮ পিএম
এভারকেয়ার হাসপাতাল এলাকা। ছবি : রূপালী বাংলাদেশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরেছেন। তার দেশে প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা জোরদার করেছে। হাসপাতালের সামনে থেকে বিএনপির নেতাকর্মীদের সরিয়ে রাস্তা ফাঁকা রাখা হয়।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে হাসপাতালের সামনের সড়কে নেতাকর্মীরা অবস্থান নিলেও নিরাপত্তার স্বার্থে তাদের সরিয়ে দেওয়া হয়েছে।

এর আগে, দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ফ্লাইট নং বিজি-২০২ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে তিনি রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে তিনি দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। সংবর্ধনা অনুষ্ঠান শেষে তারেক রহমান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন।

এর আগে, বৃহস্পতিবার সকাল ১০টায় তারেক রহমানকে বহনকারী বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর কিছুক্ষণ আগে তারেক রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে আবেগঘন বার্তায় লিখেছেন, ‘দীর্ঘ ৬,৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে।’

বিমানটি বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত সোয়া ১২টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। একই দিন রাত সোয়া ৮টায় তারেক রহমান লন্ডনের নিজ বাসা ত্যাগ করেন। তিনি স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে রাত সোয়া ১০টায় হিথ্রো বিমানবন্দরে পৌঁছান।