ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রোববার ৮ বিভাগীয় শহরে অবরোধের ডাক ইনকিলাব মঞ্চের

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ০১:৫৩ এএম
ফাইল ছবি

ওসমান হাদি হত্যার বিচার এবং বাংলাদেশকে ‘ভারতীয় প্রভাব’ থেকে মুক্ত করার দাবিতে রোববার (২৮ ডিসেম্বর) দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।

শনিবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর শাহবাগে চলমান অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন সংগঠনটির সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের।

তিনি জানান, রোববার দুপুর ২টা থেকে আট বিভাগীয় শহরে একযোগে অবরোধ কর্মসূচি পালন করা হবে। 

শাহবাগে উপস্থিত সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, যারা আজ শাহবাগে এসেছেন, তারা যেন আগামীকালও এখানে এসে দাঁড়ান এবং ‘ইনসাফের এই লড়াই’ অব্যাহত রাখেন। 

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো ধরনের প্ররোচনা বা কারও চাপে এই কর্মসূচি তুলে নেওয়া হবে না।

আবদুল্লাহ আল জাবের বলেন, এই অবরোধ কেবল হাদি হত্যার বিচারের দাবিতে নয়, বরং এটি ‘ভারতের কাছ থেকে বাংলাদেশকে মুক্ত করার অবরোধ’। 

তিনি দাবি করেন, যদি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস হাদি হত্যার বিচার নিয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হন, তবে তাকেও তারা মানবেন না। ইনসাফের লড়াইয়ে কোনো উপদেষ্টার সঙ্গে আপোস না করার কথাও জানান তিনি।

বক্তব্যে কিছু গণমাধ্যমের সংবাদ পরিবেশন নিয়েও সমালোচনা করেন ইনকিলাব মঞ্চের এই নেতা। তিনি বলেন, কয়েকটি মিডিয়ায় ‘যমুনা ভবন ঘেরাও’-এর মতো বিভ্রান্তিকর খবর প্রচার করা হচ্ছে, যা তাদের মতে সন্ত্রাসী কর্মকাণ্ডের ইঙ্গিত দেয়। তিনি অনুসারীদের নির্দেশ দেন, ইনকিলাব মঞ্চের অফিসিয়াল পেজ থেকে ঘোষণা না এলে কোনো সংবাদমাধ্যমের খবরে আস্থা না রাখতে।

আবদুল্লাহ আল জাবের আরও বলেন, গত কয়েকদিন ধরে তারা হত্যার হুমকি পাচ্ছেন, তবে তারা মৃত্যুকে ভয় করেন না। ‘শাহাদাতের তামান্না’ নিয়েই তারা রাজপথে দাঁড়িয়ে আছেন বলে মন্তব্য করেন তিনি। 

উপস্থিত জনতার উদ্দেশে তিনি প্রশ্ন রাখেন, তারা যদি শহীদ হয়ে যান, তাহলে ইনসাফের এই লড়াই চলবে কি না। জবাবে উপস্থিত ছাত্র-জনতা আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার জানান।