ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

উপদেষ্টা পরিষদের সভায় খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৫, ০১:১২ পিএম
উপদেষ্টা পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভা শুরুর আগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

সভায় খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার (৩১ ডিসেম্বর) থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। একই সঙ্গে বুধবার এক দিনের সাধারণ ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া সভায় খালেদা জিয়ার মৃত্যুতে একটি শোক প্রস্তাব গৃহীত হয়। শোক প্রস্তাবটি পাঠ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য উপদেষ্টা রিজওয়ানা হাসান।

রাষ্ট্রীয় শোক পালনকালে তিন দিন দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবনে এবং বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একই সঙ্গে বুধবার দেশের প্রতিটি মসজিদে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

সভায় সিদ্ধান্ত হয়, বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোকবই খোলা হবে।

বিশেষ আমন্ত্রণে সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি খালেদা জিয়ার পরিবার ও দলের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার নিরাপত্তাসহ সার্বিক সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান।

তিনি জানান, বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে শহীদ রাষ্ট্রপতি ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে।

সভায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, খালেদা জিয়ার দাফন ও জানাজাসংক্রান্ত সব বিষয়ে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আজ গভীর শোকের একটি সময়ে আমরা একত্র হয়েছি। পুরো জাতি বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছিল। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং জাতির পক্ষ থেকে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। তার দাফন ও জানাজা আয়োজনের জন্য যা প্রয়োজন, সরকার সব ধরনের সহায়তা দেবে।’

স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, ‘২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে সর্বশেষ তার সঙ্গে আমার দেখা হয়েছিল। তিনি তখন বেশ উৎফুল্ল ছিলেন এবং দীর্ঘ সময় কথা বলেছেন। নিজে অসুস্থ থাকা সত্ত্বেও সবার খোঁজখবর নিয়েছেন। জাতির এই গুরুত্বপূর্ণ সময়ে তার উপস্থিতি আমাদের খুব প্রয়োজন ছিল। তার প্রয়াণ জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।’