প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারীদের পদত্যাগের ধারাবাহিকতা থামছেই না। এক সপ্তাহের ব্যবধানে দায়িত্ব ছাড়লেন আরেক বিশেষ সহকারী। এতে করে গত নভেম্বরে নিয়োগ পাওয়া তিনজন বিশেষ সহকারীই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন।
সবশেষ পদত্যাগ করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয় দেখভালের দায়িত্বে থাকা অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করা এই বিশেষ সহকারীর পদত্যাগপত্র মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে রাষ্ট্রপতি গ্রহণ করেছেন বলে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) সাবেক উপাচার্য অধ্যাপক সায়েদুর রহমান গত নভেম্বর থেকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এর আগে গত বুধবার (২৫ ডিসেম্বর) পদত্যাগ করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখভালের দায়িত্বে থাকা বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী। পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) খোদা বকশও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্বে ছিলেন।
এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আমিনুল ইসলাম পদত্যাগ করেন গত ১০ মার্চ। একই দিনে পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব ছাড়েন। পরে নতুন শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন অধ্যাপক সি আর আবরার।
অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা বিশেষ সহকারীদের একের পর এক পদত্যাগকে কেন্দ্র করে প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন