থার্টিফার্স্ট নাইটে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজি ও পটকা ফোটানোর ঘটনায় সৃষ্ট শব্দদূষণ নিয়ে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ৩৮১টি অভিযোগ জমা পড়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত থেকে বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল পর্যন্ত এসব অভিযোগ পাওয়া যায়।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ) আনোয়ার সাত্তার জানান, প্রাপ্ত অভিযোগের মধ্যে ঢাকা মহানগর এলাকা থেকে এসেছে ৯৬টি ফোন। বাকি ২৮৫টি অভিযোগ এসেছে দেশের বিভিন্ন জেলা থেকে।
তিনি বলেন, প্রতিটি অভিযোগ সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে এবং দ্রুত ব্যবস্থা নিতে পুলিশকে অবহিত করা হয়েছে।
বুধবার রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকায় বিকট শব্দে আতশবাজি ও পটকা ফোটানো শুরু হয়, যা গভীর রাত পর্যন্ত চলতে থাকে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কড়া নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অনেক এলাকায় ফানুস ওড়ানো হয়।
এ সময় মিরপুর ৭ নম্বর এলাকায় ফানুস থেকে একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হলেও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এর আগে ডিএমপির এক বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি ও পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে উন্মুক্ত স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান বা ডিজে পার্টি আয়োজন এবং উচ্চশব্দে হর্ন বাজানোতেও নিষেধাজ্ঞা দেওয়া হয়। তবে বাস্তবে দেখা গেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার পরও অনেক এলাকায় এসব নির্দেশনা মানা হয়নি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন