ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বায়তুল মোকাররমে বিশেষ দোয়া

রূপালী ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৩:৩১ পিএম
ছবি- সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজের পর বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মুসল্লি ও সাধারণ মানুষ এই দোয়ায় অংশ নেন।

শুক্রবার (২ জানুয়ারি) বায়তুল মোকাররম মসজিদে অনুষ্ঠিত দোয়ায় প্রথমে খালেদা জিয়ার ইন্তেকালে শোক প্রকাশ করা হয়। পরে দোয়ায় তার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং আল্লাহপাকের কাছে প্রার্থনা করা হয়, যেন তিনি জান্নাতের বাসিন্দা হন।

উল্লেখ্য, খালেদা জিয়ার মৃত্যুতে দেশের সর্বত্র আজ তৃতীয় ও শেষ দিনের মতো রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগ গত মঙ্গলবার জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে ৩১ ডিসেম্বর বুধবার থেকে ২ জানুয়ারি শুক্রবার পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছিল।

আজও শোক পালনের অংশ হিসেবে দেশের সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।