ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০১:২৩ পিএম
মোবাইল ফোন ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া। ছবি: সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজারে মোবাইল ফোন ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। 

রোববার (৪ জানুয়ারি) ব্যবসায়ীরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। তাতে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে ব্যবসায়ীদের সরিয়ে দেয়।

ঘটনাস্থলে উপস্থিত তেজগাঁও বিভাগের এডিসি জুয়েল রানা সাংবাদিকদের বলেন, ‘রাস্তা অবরোধ করে বিশৃঙ্খলার চেষ্টা করলে আমরা তা ক্লিয়ার করি। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।’

জানা গেছে, মোবাইল ব্যবসায়ীরা জাতীয় ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালুর প্রতিবাদে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ, টিয়ার শেল ও জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে। বর্তমানে পরিস্থিতি থমথমে রয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন সেনাবাহিনীর সদস্যরা।

দুপুর সোয়া ১টার দিকে এ প্রতিবেদন লেখার সময় কারওয়ান বাজার মোড়ে যানবাহন চলাচল শুরু হয়েছে। আন্দোলনকারীরা বসুন্ধরা শপিংমলের সামনে অবস্থান করছেন।