ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

যেসব কারণে ফেরত পাবেন না মার্কিন ভিসার জামানত

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০২:১৯ পিএম
ছবি : সংগৃহীত

বাংলাদেশসহ মোট ৩৮টি দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদনের ক্ষেত্রে নতুন শর্ত আরোপ করা হয়েছে। এসব দেশের নাগরিকদের ভিসা আবেদনের ক্ষেত্রে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড বা জামানত দিতে হবে। বন্ডের সর্বোচ্চ পরিমাণ বাংলাদেশি টাকায় প্রায় ১৮ লাখ ৩৫ হাজার টাকা (প্রতি ডলার ১২২.৩১ টাকা হিসেবে)। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে মঙ্গলবার (৬ জানুয়ারি) এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সব শর্ত মেনে চললে ভিসা বন্ডের ওই অর্থ ফেরত পাবেন ভিসার আবেদনকারী। এগুলো হলো—

১. ভিসাধারী নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন বলে তথ্য রেকর্ড করেছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। 

২. ভিসাধারীর ভিসার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে ভ্রমণ করেননি।

৩. ভিসাধারীকে নির্ধারিত বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের প্রবেশের অনুমতি না দিয়ে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

ভিসা বন্ড শর্ত ভঙ্গের কিছু কারণও উল্লেখ করা হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে।

এই কারণগুলো ছাড়াও ভিসা বন্ড বাতিল হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

১. ভিসাধারী ভিসার মেয়াদ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন বলে তথ্য পায় ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি।

২. ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও ভিসাধারী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

৩. ভিসাধারী নন-ইমিগ্র্যান্ট মর্যাদা থেকে অভিবাসী হওয়ার আবেদন করেন, যার মধ্যে অ্যাসাইলামের আবেদনও রয়েছে।

ভিসা পাওয়া ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ও বহির্গমনের ক্ষেত্রে নির্ধারিত কিছু পথ ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়েছে। এসব নির্দিষ্ট প্রবেশপথ অনুসরণ না করলে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি প্রত্যাখ্যান করা হতে পারে অথবা দেশত্যাগের তথ্য সঠিকভাবে নথিভুক্ত না হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।

নির্ধারিত প্রবেশপথগুলোর মধ্যে রয়েছে বোস্টন লোগান আন্তর্জাতিক বিমানবন্দর (বিওএস), জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর (জেএফকে) এবং ওয়াশিংটন ডুলাস আন্তর্জাতিক বিমানবন্দর (আইএডি)।