শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, নির্দলীয় ছাত্র আন্দোলন দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করার পাশাপাশি ভবিষ্যৎ নেতৃত্বের দিকনির্দেশনা দিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাহসী ও দায়িত্বশীল ভূমিকা পালন করেছে।
বুধবার (৭ জানুয়ারি) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ২৬তম সমাবর্তনে কনভোকেশন চেয়ার হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
শিক্ষা উপদেষ্টা বলেন, সমাবর্তন শুধু ডিগ্রি অর্জনের আনুষ্ঠানিকতা নয়, বরং শিক্ষার্থীরা ভবিষ্যতে সমাজ ও রাষ্ট্রকে কীভাবে নেতৃত্ব দেবে সেটিই মূল বিষয়। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে দেশ ও দেশের বাইরে একটি মর্যাদাপূর্ণ অবস্থান তৈরি করেছে। এ বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে নেতৃত্বের ভূমিকা পালন করছে এবং বৈশ্বিক পরিসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে।
তিনি আরও বলেন, ‘এই সমাবর্তনের মধ্য দিয়ে আমরা আন্দোলনের সেই গৌরবময় ইতিহাসকে স্মরণ করছি। আহত ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। আন্দোলনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ আবির তার জীবন উৎসর্গ করেছে, যা জাতির জন্য গর্বের পাশাপাশি বেদনার স্মৃতি হয়ে থাকবে।’
শিক্ষা উপদেষ্টা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ন্যায়, মানবিকতা ও দায়িত্ববোধকে সামনে রেখে দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখার মধ্য দিয়েই ছাত্র আন্দোলনের আদর্শ বাস্তবায়িত হবে।


