ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দায়িত্ব ছাড়ার পর কাঠগড়ায় দাঁড়াতে সমস্যা নেই : উপদেষ্টা রিজওয়ানা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ০২:২৭ পিএম
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : সংগৃহীত

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দীর্ঘ সময়ের জঞ্জাল একদম পরিষ্কার করা এক বা দেড় বছরের সরকারের পক্ষে সম্ভব নয়। তবে অন্তর্বর্তী সরকার এ সময়ে যতটুকু সম্ভব উদ্যোগ নিয়েছে। তাই দায়িত্ব ছাড়ার পর জবাবদিহি দিতে বা কাঠগড়ায় দাঁড়াতে কোনো সমস্যা নেই।

শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১০টায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) আয়োজিত ‘বাংলাদেশের পরিবেশ সংস্কার: প্রয়োজনীয়তা ও করণীয়’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা রিজওয়ানা বলেন, ৫৪ বছরের জঞ্জাল দেড় বছরের সরকারের পক্ষে পরিষ্কার করা সম্ভব নয়। এই সময়ে যতটুকু সম্ভব করা হয়েছে। তাই দায়িত্ব ছাড়ার পর জবাবদিহি দিতে সমস্যা নেই।

নিজ দপ্তরের কাজের বিষয়ে তিনি আরও বলেন, পলিথিন নিষিদ্ধ আইন ছিল; কিন্তু অন্তর্বর্তী সরকার এটিই কার্যকর করেছে। সেন্টমার্টিনে নিষেধাজ্ঞা দেওয়ায় প্রাণবৈচিত্র্য ফিরেছে; কিন্তু কোনো পরিবেশবাদী এর পক্ষে দাঁড়ায়নি। এ ছাড়া চারটি নদী ও ২০টি খাল দূষণকারী ৭৫০টি শিল্পপ্রতিষ্ঠান শনাক্ত করা হয়েছে এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ চলছে।

বায়ুদূষণ রোধে অন্তর্বর্তী সরকারের উদ্যোগ তিন বছর বজায় রাখতে পারলে দূষণ অনেকটাই কমানো সম্ভব বলেও উল্লেখ করেন উপদেষ্টা।

রাজধানীর কারওয়ান বাজারে পান্থকুঞ্জ পার্কে র‍্যাম্প স্থাপন নিয়ে তিনি বলেন, র‍্যাম্পের সিদ্ধান্ত ছিল পূর্ব সরকারের। তবে বর্তমান সরকার এটি স্থাপন করতে চায় না। আদালতও স্থগিতাদেশ দিয়েছেন। তবে পুরোপুরি বাতিল করলে অর্থনৈতিক ক্ষতি হবে, তাই র‍্যাম্প স্থাপন পুরোপুরি বন্ধ করা কঠিন।