ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গুলিবিদ্ধ হুজাইফাকে আনা হচ্ছে ঢাকায়

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৬, ০৩:২৫ পিএম
শিশু হুজাইফা আফনান। ছবি : সংগৃহীত

মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা গুলিতে আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন টেকনাফের শিশু হুজাইফা আফনানকে (৯) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হচ্ছে। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) শিশুটির চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

চিকিৎসকরা জানিয়েছেন, হুজাইফার শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন। তার মস্তিষ্কে গুলি রয়েছে এবং মস্তিষ্কের চাপ কমাতে খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে। শিশুটি বর্তমানে হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

হুজাইফা আফনান রোববার (১১ জানুয়ারি) সকাল ৯টার দিকে বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ছোড়া গুলিতে আহত হয়। সে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় আহত হয়। আহত শিশুটিকে সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেসথেসিয়া ও আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক হারুন অর রশিদ বলেন, শিশুটির অবস্থা আগের মতোই। কিছুক্ষণ পর মেডিকেল বোর্ড বসবে। খুলি খুলে রাখা একটি চিকিৎসা-সংক্রান্ত প্রসিডিউর, যা তার চিকিৎসার অংশ।

এদিকে, মিয়ানমারের রাখাইন রাজ্যে বিমান হামলা, ড্রোন হামলা, মর্টার শেল ও বোমা বিস্ফোরণ থামছে না। তিন দিন ধরে রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের আশপাশে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির অবস্থানে বিমান হামলা জোরদার করেছে সরকারি জান্তা বাহিনী। স্থলভাগে আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে রোহিঙ্গাদের তিনটি সশস্ত্র গোষ্ঠী।

এর কারণে সীমান্ত পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে। ওপারের বিস্ফোরণে সীমান্তবর্তী টেকনাফের গ্রামগুলো কেঁপে উঠছে। ওপার থেকে ছোড়া গুলি এসে পড়ছে স্থানীয়দের ঘরবাড়ি, চিংড়ি ঘের ও নাফ নদে।