আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং অফিসারদের জন্য প্রশিক্ষণ কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২২ জানুয়ারি থেকে এই নির্বাচনি প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে।
বুধবার (১৪ জানুয়ারি) নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, প্রশিক্ষণ কার্যক্রম ২২ জানুয়ারি থেকে শুরু হয়ে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এ সময় ৮ লাখের বেশি কর্মকর্তাকে নির্বাচনি কার্যক্রমে দক্ষ করার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে।
তপশিল অনুযায়ী, বর্তমানে চলছে প্রার্থিতা চূড়ান্তের কাজ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। এরপর রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবেন এবং প্রতীক বরাদ্দের কাজ সম্পন্ন হবে ২১ জানুয়ারি।
নির্বাচনি প্রচার শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।


