ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্র শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সংস্কারে নতুন নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে ভোটকেন্দ্রগুলোর সংস্কারে উপজেলা পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে সভাপতি করা হয়েছে।
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সংশ্লিষ্ট উপসহকারী প্রকৌশলীদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
চিঠির নির্দেশনা অনুযায়ী, উপজেলা পর্যায়ের কমিটিতে চার সদস্য থাকবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা হবেন সভাপতি। সদস্য থাকবেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও সংশ্লিষ্ট উপজেলার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ বা প্রধান শিক্ষক থাকবেন সদস্য সচিব।
চিঠিতে কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে—এমন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন করতে হবে।
এছাড়া ভোটগ্রহণ নির্বিঘ্ন করতে নির্ধারিত সময়ের মধ্যে সব ধরনের ক্রয় কার্যক্রম সরকারি ক্রয় বিধিমালা ২০২৫ (পিপিআর-২০২৫) এবং সরকারি ক্রয় আইন ২০০৬ (পিপিএ-২০০৬) অনুসরণ করে সম্পন্ন করার নির্দেশ দেয়া হয়েছে।


