ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

এআইভিত্তিক টেক্সটাইল অটোমেশনের পরিকল্পনা বিশেষজ্ঞদের

বুটেক্স প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ০৯:৩৩ এএম
টেক্সটাইল শিল্প অটোমেশনে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে সেমিনার। ছবি : রূপালী বাংলাদেশ

বাংলাদেশের টেক্সটাইল শিল্পে আধুনিক প্রযুক্তির সংযোজন এবং অটোমেশনে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ভূমিকা ও সম্ভাবনা নিয়ে দি ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর রমনায় আইইবি সদর দপ্তরের শহীদ প্রকৌশলী ভবনের কাউন্সিল হলে ‘ইন্টিগ্রেটিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন টেক্সটাইল ইন্ডাস্ট্রি অটোমেশন’ শিরোনামে এ সেমিনার আয়োজন করা হয়।

সেমিনারের সভাপতি ইঞ্জিনিয়ার মহিউদ্দিন আহমেদ (সেলিম) বলেন, বাংলাদেশের টেক্সটাইল শিল্প আজ এক বিশাল সম্ভাবনার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। এ শিল্প আমাদের দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি এবং কর্মসংস্থানের অন্যতম বড় উৎস। তবে বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের গতানুগতিক চিন্তার বাইরে এসে ভাবতে হবে। আমি মনে করি, এখনই সময় প্রযুক্তির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার, বিশেষ করে টেক্সটাইল খাতে আধুনিক যন্ত্রপাতি ও উন্নত প্রযুক্তির সমন্বয় ছাড়া বিশ্ববাজারে টিকে থাকা কঠিন। কম সময়ে মানসম্মত পণ্য উৎপাদনে ব্যর্থ হলে আমরা পিছিয়ে পড়ব। জাপানসহ উন্নত বিশ্বের দেশগুলো যেভাবে প্রযুক্তির মাধ্যমে মান নিয়ন্ত্রণ করে, আমাদেরও সে পথ অনুসরণ করতে হবে। সঠিকভাবে অটোমেশন ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে উৎপাদন খরচ কমানোর পাশাপাশি শতভাগ গুণগত মান বজায় রাখা সম্ভব হবে।

মূল প্রবন্ধ উপস্থাপনকালে অধ্যাপক ড. শেখ মো. মমিনুল আলম বলেন, ‘বর্তমানে সুতার মান যাচাইয়ের জন্য অত্যন্ত ব্যয়বহুল যন্ত্রপাতির ওপর নির্ভর করতে হয়। আমরা একটি সেন্সরভিত্তিক স্বল্পমূল্যের প্রযুক্তি উদ্ভাবন করেছি, যার মাধ্যমে মাত্র কয়েক হাজার টাকায় মোবাইল ব্যবহার করে সুতার সূক্ষ্মতা, অনিয়ম এবং রঙের ভিন্নতা তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা যায়। এ প্রযুক্তির ফলে কোনো ভারী যন্ত্রপাতি ছাড়াই মাঠপর্যায়ে স্বয়ংক্রিয়ভাবে সুতা ও ফেব্রিক পর্যবেক্ষণ, ত্রুটি শনাক্তকরণ এবং গ্রাফভিত্তিক নির্ভরযোগ্য প্রতিবেদন পাওয়া সম্ভব হবে। এর মাধ্যমে সময়, শ্রম ও খরচ সাশ্রয় হয়ে দেশের টেক্সটাইল ও ডেনিম শিল্প আরও দক্ষ ও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে।’

বিশেষ অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার এহসানুল করিম কায়সার আইটিইটিকে একটি অরাজনৈতিক পেশাজীবী সংগঠন হিসেবে উল্লেখ করে বলেন, ‘এই সংগঠনের অন্যতম প্রধান লক্ষ্য হলো পেশাগত প্রশিক্ষণ ও উন্নয়নের মাধ্যমে প্রকৌশলীদের দক্ষ করে গড়ে তোলা। প্রযুক্তির দ্রুত পরিবর্তনশীল এই সময়ে এআইভিত্তিক এমন সেমিনার প্রকৌশলীদের জন্য অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ।’

আইইবির সহসভাপতি ইঞ্জিনিয়ার শাইখ আল আমিন বলেন, ‘যখনই কোনো নতুন প্রযুক্তির আগমন ঘটে, তখন শুরুতে স্বাভাবিকভাবেই কিছুটা ভীতি কাজ করে। তবে সময়ের সঙ্গে সেই প্রযুক্তিকে গ্রহণ করতে পারাটাই সাফল্যের মূল চাবিকাঠি। শিল্প উদ্যোক্তাদের বিবেচনা করতে হবে, কোন প্রযুক্তি ব্যবহারে কৃত্রিম বুদ্ধিমত্তা ও মানবশ্রমের সঠিক সমন্বয়ের মাধ্যমে উৎপাদন খরচ কমানো সম্ভব। যে প্রযুক্তি ব্যবসায়িক মুনাফা নিশ্চিত করতে পারে, দীর্ঘমেয়াদে সেটিই লাভজনক হবে।’

সংগঠনটির সহসভাপতি ইঞ্জিনিয়ার নিয়াজ উদ্দিন ভূঁইয়া তার বক্তব্যে গবেষকদের উদ্দেশে বলেন, ‘আপনারা এমন প্রযুক্তি ও সমাধান নিয়ে কাজ করুন, যা সরাসরি শিল্পক্ষেত্রে প্রয়োগযোগ্য এবং যার প্রভাব বাস্তব ও সুদূরপ্রসারী। তিনি প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান, বর্তমান প্রেক্ষাপটে সহজে গ্রহণযোগ্য এমন সাশ্রয়ী ও কার্যকর মডেল উদ্ভাবনে মনোযোগী হওয়ার জন্য।’

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবির সভাপতি ও রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রেজাউল ইসলাম (রেজু)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইইবির সহসভাপতি (একাডেমিক অ্যান্ড ইন্টারন্যাশনাল) ইঞ্জিনিয়ার খাঁন মঞ্জুর মোরশেদ, আইটিইটি-বাংলাদেশের আহ্বায়ক ইঞ্জিনিয়ার এহসানুল করিম কায়সার, মাইক্রো ফাইবার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. শামসুজ্জামান (সিআইপি), আইইবির সহসভাপতি (এইচআরডি) ইঞ্জিনিয়ার শাইখ আল আমিন, সহসভাপতি (সার্ভিসেস অ্যান্ড ওয়েলফেয়ার) ইঞ্জিনিয়ার নিয়াজ উদ্দিন ভূঁইয়া এবং আইটিইটি-বাংলাদেশের সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. এনায়েত হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইইবির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইঞ্জি. মো. সাব্বির মোস্তাফা খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস (বুটেক্স)-এর টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শেখ মো. মমিনুল আলম।

সেমিনারের সভাপতিত্ব করেন আইইবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মহিউদ্দিন আহমেদ (সেলিম)। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইইবি’র টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সদস্য ইঞ্জিনিয়ার মো. মইদুল ইসলাম (মঈদ) ও আইইবি’র সেন্ট্রাল কাউন্সিল মেম্বার ইঞ্জিনিয়ার সুমায়েল মো. মল্লিক। অনুষ্ঠানের শেষাংশে ধন্যবাদ জ্ঞাপন করেন ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. সায়েদুর রহমান।