আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) সুইডেনের প্রতিনিধি দলের কাছে নির্বাচনের প্রস্তুতি ও পরিকল্পনা তুলে ধরেছে। কমিশনের পক্ষ থেকে নির্বাচনের সার্বিক প্রস্তুতি, সম্প্রতি শেষ হওয়া আপিল শুনানির প্রক্রিয়া এবং সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার ও ভুল তথ্য রোধে নেওয়া পদক্ষেপগুলো বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) নির্বাচন ভবনে অনুষ্ঠিত বৈঠকে সুইডিশ রাষ্ট্রদূত এবং ফার্স্ট সেক্রেটারির সঙ্গে আলোচনা করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। সচিব জানান, প্রধানত তারা নির্বাচনের সার্বিক পরিস্থিতি এবং কমিশনের প্রস্তুতি সম্পর্কে জানতে এসেছিলেন। বৈঠকে বিশেষভাবে সোশ্যাল মিডিয়ায় ‘মিস-ইনফরমেশন’ ও ‘ডিস-ইনফরমেশন’ মোকাবেলায় ইসি কীভাবে ব্যবস্থা নিচ্ছে, তা তুলে ধরা হয়।
বৈঠকে সুইডেনের পক্ষ থেকে নির্বাচনে কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হলে তা জানার বিষয়েও প্রশ্ন করা হয়। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়, যেখানে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের বিস্তারিত পরিকল্পনা কমিশনের পক্ষ থেকে তুলে ধরা হয়।
ইসির সিনিয়র সচিব জানান, আজ বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহরের শেষ সময় ছিল। সারাদেশ থেকে তথ্য সংগ্রহ ও কম্পাইল করতে কিছু সময় লাগবে। তাই শেষ পর্যন্ত কতজন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে থাকবেন, সেই চূড়ান্ত সংখ্যা আগামীকাল বুধবার জানা যাবে।
তিনি আরও জানান, ২৫ জানুয়ারি নির্বাচন সংক্রান্ত সার্বিক বিষয় নিয়ে একটি বড় ধরনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন