ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ভোট থেকে সরে দাঁড়ালেন ৩০৫ জন, প্রতীক নিয়ে প্রার্থীরা মাঠে নামছেন আজ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ১০:০১ এএম
নির্বাচন কমিশনের লোগো। ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি আসনে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন ১ হাজার ৯৬৭ জন প্রার্থী। মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৩০৫ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় এ সংখ্যা নির্ধারিত হয়। 

বুধবার (২১ জানুয়ারি) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক পাওয়ার মধ্য দিয়েই তারা আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারে মাঠে নামবেন।

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, এবারের নির্বাচনে ২৯৮টি সংসদীয় আসনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। অধিকাংশ প্রার্থী দলীয় হলেও উল্লেখযোগ্য সংখ্যক স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন। এর আগে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন ১ হাজার ৮৯৬ জন। সে তুলনায় এবারের নির্বাচনে প্রার্থীর সংখ্যা কিছুটা বেড়েছে।

ইসি সূত্র জানায়, আদালতের নির্দেশনায় পাবনা-১ ও পাবনা-২ আসনে সংশোধিত তপশিল কার্যকর হওয়ায় এই দুটি আসনের প্রার্থীর হিসাব বর্তমানে চূড়ান্ত তালিকার বাইরে রাখা হয়েছে।

এর আগে গত ২৯ ডিসেম্বর পর্যন্ত ৩০০ আসনে মোট ২ হাজার ৫৮৫টি মনোনয়নপত্র জমা পড়ে। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত যাচাই-বাছাই শেষে ৭২৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে ৬৪৫ জন প্রার্থী আপিল করেন। শুনানি শেষে ৪৩১ জন তাদের প্রার্থিতা ফিরে পান। পরবর্তীতে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে আরও ৩০৫ জন প্রার্থী সরে দাঁড়ান। ফলে বর্তমানে নির্বাচনি মাঠে সক্রিয় প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৬৭ জনে।

নির্বাচন কমিশন রিটার্নিং কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের কঠোর নির্দেশনা দিয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটারদের ভোটকেন্দ্রমুখী করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। প্রতীক বরাদ্দের পর প্রচার শুরুর সময় যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে বলেও জানিয়েছে কমিশন।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনায় পাবনা-১ ও পাবনা-২ আসনে সংশোধিত তপশিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন তপশিল অনুযায়ী, গত রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে পাবনা-১ আসনে সাতটি এবং পাবনা-২ আসনে পাঁচটি মনোনয়নপত্র জমা পড়েছে। নির্ধারিত সময় অনুযায়ী এসব আসনের প্রার্থীরাও মূল নির্বাচনি প্রতিযোগিতায় যুক্ত হবেন।