নির্বাচনি প্রচারণাকালে মানহানি, অশালীন আচরণ ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগপত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) তিনি আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে লিখিত অভিযোগ জমা দেন। এ সময় কয়েকজন নির্বাচন কমিশনারের সঙ্গেও তিনি সাক্ষাৎ করে একই অভিযোগ তুলে ধরেন।
অভিযোগপত্রে রুমিন ফারহানা উল্লেখ করেন, নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে তার এলাকায় গুরুতর অনিয়ম ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে। অভিযোগে বলা হয়, গত ১১ জানুয়ারি আশুগঞ্জ উপজেলার শরীফপুরে খালেদা জিয়ার মিলাদ মাহফিলে এক বক্তব্যে তাকে উদ্দেশ করে মানহানিকর ও অশালীন মন্তব্য করা হয়। সেখানে তাকে অন্য এক প্রার্থীর সঙ্গে তুলনা করে অকথ্য ভাষায় আক্রমণ করা হয়, যা তার নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে।
তিনি আরও অভিযোগ করেন, এ বিষয়ে রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে উদ্দেশ করে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়া হয়, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।
অভিযোগপত্রে রুমিন ফারহানা বলেন, একটি বড় রাজনৈতিক জোট সমর্থিত প্রার্থীর পক্ষে নিয়মিতভাবে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে। আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগেই বিলাসবহুল প্যান্ডেল ও মঞ্চ নির্মাণ করে সভা-সমাবেশ করা হচ্ছে এবং তাকে প্রকাশ্যে নোংরা ও ন্যাক্কারজনক ভাষায় আক্রমণ করা হচ্ছে। এসব বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে বলে তিনি দাবি করেন।
তিনি অভিযোগ করেন, মাঠপর্যায়ের নির্বাচনি কর্মকর্তারা এসব আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছেন না। অথচ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাকে এবং তার সমর্থকদের বিরুদ্ধে ইতোমধ্যে দু’দফায় ১০ হাজার ও ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রুমিন ফারহানা বলেন, ‘আমাকে টিস্যু পেপার বলা হয়েছে, মমতাজ বেগম ও নর্তকী বলেও কটূক্তি করা হয়েছে। আমি ৫০ হাজার টাকা জরিমানা দিয়েছি, আমার লোকজনকে মারধর করা হয়েছে। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমি ছোট একটি টেবিল নিয়ে কর্মসূচি করলেও জরিমানা করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘এভাবে যদি ভোট চুরি না হয়, তাহলে আমি জনগণের ভোটেই জয়ী হব।’


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন