ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কোন আসনে ভোটার ও প্রার্থী সবচেয়ে বেশি, কোন আসনে কম?

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০২:৪৫ পিএম
ছবি : সংগৃহীত

সারাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটার ও প্রার্থীর তথ্য বিশ্লেষণে দেখা গেছে, দেশের ইতিহাসে এই নির্বাচনে সর্বাধিক ভোটার নিবন্ধিত রয়েছে।

নির্বাচন কমিশন সম্প্রতি সারাদেশের আসনভিত্তিক ভোটার তালিকা প্রকাশ করেছে। এতে দেখা গেছে, মোট ভোটার সংখ্যা পৌনে ১৩ কোটি। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার এবং হিজড়া ভোটার ১ হাজার ১২০ জন।

প্রথমবারের মতো দেশের বাইরে থাকা প্রবাসী ভোটাররাও ভোট দিতে পারবেন। মোট ৭ লাখ ৭২ হাজার প্রবাসী ভোটার পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন।

সবচেয়ে বেশি ভোটার কোথায়

সবচেয়ে বেশি ভোটার রয়েছেন গাজীপুর-২ আসনে, যেখানে মোট ভোটার সংখ্যা ৮ লাখ ৪ হাজার ৩৩৩। এর মধ্যে পুরুষ ভোটার ৪ লাখ ৪০২, নারী ভোটার ৪ লাখ ৩ হাজার ৯১৮ এবং হিজড়া ভোটার ১৩ জন।

দ্বিতীয় সর্বাধিক ভোটার ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) এলাকায়; ৭ লাখ ৪৭ হাজার ৭০ জন। তৃতীয় সর্বাধিক ভোটার গাজীপুর-১ আসনে; ৭ লাখ ২০ হাজার ৯৩৯ জন।

সাত লাখের বেশি ভোটার আছে নোয়াখালী-৪ আসনে। ছয় লাখের বেশি ভোটার রয়েছে ময়মনসিংহ-৪, সিলেট-১, কুমিল্লা-৬, ব্রাহ্মণবাড়িয়া-৩, ঢাকা-১৮, যশোর-৩ ও কুড়িগ্রাম-২ আসনে।

সবচেয়ে কম ভোটার কোথায়

ভোটার সংখ্যা সবচেয়ে কম ঝালকাঠি-১ আসনে, যেখানে মোট ভোটার ২ লাখ ২৮ হাজার ৪৩১। দ্বিতীয় সর্বনিম্ন ভোটার যশোর-৬ (২ লাখ ২৮ হাজার), তৃতীয় পিরোজপুর-৩ (২ লাখ ৪১ হাজার) আসনে।

ভোটার সংখ্যা তিন লাখের নিচে রয়েছে ঢাকা-৮, মেহেরপুর-২, বাগেরহাট-৩, ব্রাহ্মণবাড়িয়া-১ ও লক্ষ্মীপুর-১ আসনেও।

নির্বাচন কমিশন জানিয়েছে, প্রতিটি আসনের ভোটার সংখ্যা অনুযায়ী ব্যালট পেপার মুদ্রণ ও ভোটকেন্দ্র স্থাপনের প্রস্তুতি চলছে। এবার ভোটারদের দুটি ভিন্ন বিষয়ে ভোট দিতে হবে। তাই ভোট গ্রহণ ও গণনায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হবে।

সবচেয়ে বেশি ও কম প্রার্থী কোথায়

এবারের নির্বাচনে এক হাজার ৯৮১ প্রার্থী লড়বেন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ২৪৯ জন, নারী প্রার্থী ৭৬ জন। রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি (২৮৮ জন)।

সবচেয়ে বেশি প্রার্থী ঢাকা-১২ আসনে; লড়ছেন ১৫ জন। সবচেয়ে কম প্রার্থী পিরোজপুর-১ আসনে; যেখানে একজন বিএনপি ও একজন জামায়াতে ইসলামীর।

নির্বাচন কমিশন জানিয়েছে, কিছু প্রার্থীর মনোনয়ন বাতিল হলেও আদালতের রায়ে ফেরানো হতে পারে। ফলে প্রার্থীর সংখ্যা সাময়িকভাবে আরও বাড়তে পারে।