ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বন্দি সাদ্দামের বিষয়ে যা জানাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০৬:১৮ পিএম
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লোগো। ছবি : সংগৃহীত

স্ত্রী ও সন্তানের মৃত্যুতে যশোর কেন্দ্রীয় কারাগারে আটক বন্দি জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট কিংবা কারাগার কর্তৃপক্ষ বরাবর কোনো আবেদন করা হয়নি বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে,  স্ত্রী ও সন্তানের মৃত্যুতে যশোর কেন্দ্রীয় কারাগারে আটক বন্দি জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট কিংবা কারাগার কর্তৃপক্ষ বরাবর কোনো আবেদন করা হয়নি। সাদ্দামের পারিবারের মৌখিক অভিপ্রায় অনুযায়ী যশোর জেলগেটে স্ত্রী ও সন্তানের লাশ দেখানোর সিদ্ধান্ত হয়। মানবিক দিক বিবেচনা করে এ বিষয়ে যশোর জেলা প্রশাসন ও কারাগারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হয়েছে।

এতে বলা হয়েছে, এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় যশোর জেলা প্রশাসক বা কারাগার কর্তৃপক্ষ বরাবর প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছে মর্মে প্রকাশিত সংবাদটি সঠিক নয়।

বিভিন্ন গণমাধ্যম সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের তথ্য পাওয়ার অধিকার সমুন্নত রাখবে বলে আশা প্রকাশ করেছে মন্ত্রণালয়।