ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দেশে পৌঁছাল প্রবাসীদের ৪ লাখ ব্যালট

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১০:৫৪ এএম
পোস্টাল ব্যালট। ছবি : সংগৃহীত

প্রবাসীদের দেওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের চার লাখ ৮০ হাজার ৪১৬টি পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা পর্যন্ত প্রবাসী ও অভ্যন্তরীণ উভয় ক্ষেত্রেই উল্লেখযোগ্য সংখ্যক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, প্রবাসীদের জন্য পাঠানো ব্যালটের একটি বড় অংশ এরই মধ্যে গন্তব্যে পৌঁছেছে। এখন পর্যন্ত মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট সংশ্লিষ্ট দেশগুলোতে পৌঁছেছে। ৫ লাখ ২৬ হাজার ৮ জন ভোটার তাদের ব্যালট হাতে পেয়েছেন। এখন পর্যন্ত ৪ লাখ ৮০ হাজার ৪১৬ জন প্রবাসী ভোটার ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করেছেন। ভোট দেওয়ার পর ৪ লাখ ৪৪ হাজার ৯৫২ জন ভোটার সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিসে ব্যালট জমা দিয়েছেন। এ ছাড়া ৩ লাখ ৭৯ হাজার ৯২৪টি ব্যালট এরই মধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে এবং রিটার্নিং কর্মকর্তারা ১ লাখ ৭ হাজার ১৬৮টি ব্যালট গ্রহণ করেছেন।

অন্যদিকে, দেশের ভেতরে যারা পোস্টাল ব্যালটের (Internal Coded Postal Vote) মাধ্যমে ভোট দিচ্ছেন, তাদের কার্যক্রমও দ্রুতগতিতে চলছে। দেশের অভ্যন্তরে মোট ৬ লাখ ৬২ হাজার ১৯১টি ব্যালট ভোটারদের কাছে প্রেরণ করেছে ইসি। ২ লাখ ৬০ হাজার ৪৪৭ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন এবং এর মধ্যে ২ লাখ ১১ হাজার ১২২ জন তাদের ভোটদান সম্পন্ন করেছেন। এ ছাড়া ১ লাখ ৬৮ হাজার ৫১৯ জন ভোটার তাদের ব্যালট ডাকবাক্সে জমা দিয়েছেন। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তারা এখন পর্যন্ত ২৭ হাজার ৩৬৭টি ব্যালট বুঝে পেয়েছেন।