ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

খুবই ইতিবাচক নির্বাচনি পরিবেশ : ইইউ’র প্রধান পর্যবেক্ষক

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১০:২৫ এএম
ব্রিফ করছেন ইইউ নির্বাচন পর্যবেক্ষক ইভারস আইজাবস। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ খুবই ইতিবাচক বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভারস আইজাবস। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে গণমাধ্যমে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন

নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা বেশ ভালো জানিয়ে ইভারস আইজাবস বলেন, স্বল্পমেয়াদি ইইউ পর্যবেক্ষকরা আজ থেকে মাঠে থাকবেন।

তিনি বলেন, বর্তমানে নির্বাচনি পরিবেশ খুবই ইতিবাচক। যদিও কিছু কিছু ক্ষেত্রে আলোচনার দরকার। তবে, মোটা দাগে পরিবেশ আশাব্যঞ্জক। আমি ইতিবাচক নির্বাচন নিয়ে খুবই আশাবাদী।

ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান বলেন, অংশগ্রহণমূলক নির্বাচনের ওপর গুরুত্ব দিচ্ছে ইইউ, যেখানে সংখ্যালঘু ও নারীর অংশগ্রহণ থাকবে।

প্রসঙ্গত, বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ইউরোপীয় ইউনিয়ন ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি নির্বাচন পর্যবেক্ষণ মিশন (ইইউ-ইওএম) নিযুক্ত করে। ইউরোপীয় পার্লামেন্টের সদস্য আইজাবসের নেতৃত্বে মিশনটি ২০২৫ সালের ডিসেম্বরের শেষ দিকে কার্যক্রম শুরু করেছে এবং ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষকের আসার মাধ্যমে তাদের কার্যক্রম সম্প্রসারিত হচ্ছে। দীর্ঘমেয়াদি পর্যবেক্ষকরা বাংলাদেশের ৬৪ জেলায় নিযুক্ত হবেন। ২০০৮ সালের পর এবার দেশে প্রথম পূর্ণাঙ্গ ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন হিসেবে এটি চিহ্নিত হবে।