ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। ভোটের দিন নাগরিকদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, নির্বাচন উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস এবং শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে জরুরি সেবা ও নির্বাচন-সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান এই ছুটির আওতার বাইরে থাকবে।
যেসব অফিস ও প্রতিষ্ঠান বন্ধ থাকবে
সরকারি ও আধা-সরকারি অফিস : সচিবালয়সহ সব মন্ত্রণালয়, অধিদপ্তর এবং সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তর বন্ধ থাকবে।
আদালত : নির্বাচন উপলক্ষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে সাধারণ ছুটি থাকবে। এদিন নিয়মিত বিচারিক কার্যক্রম স্থগিত থাকবে।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান : বাংলাদেশ ব্যাংকসহ সব তপশিলি ব্যাংক-বিমা ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
শিক্ষাপ্রতিষ্ঠান : স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
বেসরকারি ও করপোরেট অফিস : ভোটগ্রহণ ও ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে সব বেসরকারি ও করপোরেট অফিস বন্ধ থাকবে।
দোকানপাট ও শপিংমল : বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, ভোটের দিন সারাদেশের দোকান, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শপিংমল বন্ধ থাকবে।
যেসব অফিস ও সেবা খোলা থাকবে
জরুরি সেবা : হাসপাতাল, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহ এবং জরুরি টেলিযোগাযোগ সেবা স্বাভাবিক থাকবে।
সংবাদমাধ্যম : সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল, টেলিভিশন চ্যানেলসহ সব গণমাধ্যম ও সংশ্লিষ্ট কর্মীরা ছুটির আওতামুক্ত থাকবেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী : পুলিশ, আনসার, র্যাব এবং নির্বাচনকালীন দায়িত্বে নিয়োজিত সেনাবাহিনী সদস্যরা দায়িত্ব পালন করবেন।
নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী : নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তা, প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তাসহ নির্বাচন পরিচালনার সঙ্গে সরাসরি যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের জন্য সাধারণ ছুটি প্রযোজ্য হবে না।
শিক্ষক ও ব্যাংকার : যেসব শিক্ষক ও ব্যাংক কর্মকর্তা-কর্মচারী ভোটকেন্দ্র বা নির্বাচন-সংশ্লিষ্ট দায়িত্বে নিয়োজিত থাকবেন, তাদের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাধারণ ছুটি কার্যকর হবে না।
নির্বাচন-সংশ্লিষ্ট দপ্তর : নির্বাচন পরিচালনার স্বার্থে নির্বাচন কমিশন সচিবালয় ও এর অধিভুক্ত মাঠ পর্যায়ের সব কার্যালয় খোলা থাকবে। রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়গুলোতে ভোটের দিন পূর্ণ কার্যক্রম চলবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন