ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জাতির উদ্দেশে যা বললেন সিইসি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৭:৪৫ পিএম
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। ছবি- সংগৃহীত

নির্বাচনে ভোটদান আমাদের শুধু নাগরিক অধিকারই নয়; বরং দায়িত্ব। আমি আশাকরি আপনারা সকলে সচেতনভাবে এই দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। 

বুধবার (১১ ফেব্রুয়ারি)  সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই আহ্বান জানান তিনি।

সিইসি বলেন, ‌বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এর প্রাক্কালে আমার শুভেচ্ছা গ্রহণ করবেন। আগামীকাল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হ'বে। এই ঐতিহাসিক মুহুর্তে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে শহীদদের। আরো স্মরণ করছি জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের যাদের রক্তের বিনিময়ে আমরা আজ গণতান্ত্রিক উত্তরণের দ্বারপ্রান্তে পৌঁছেছি। আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমি একইসাথে আহত জুলাই যোদ্ধাদের আশু আরোগ্য ও স্বাভাবিক জীবনের জন্য দোয়া করছি।

তিনি বলেন, এই নির্বাচনে ভোটদান আমাদের শুধু নাগরিক অধিকারই নয়; বরং দায়িত্ব। আমি আশাকরি আপনারা সকলে সচেতনভাবে এই দায়িত্ব পালন করবেন। রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের প্রতি আহবান; শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষার্থে সকলে দায়িত্বশীল ও যত্নবান হবেন।

সিইসি বলেন, ভিন্নমত গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি স্বাভাবিক বিষয়। এ বিষয়টি স্মরণে রেখে আপনারা উৎসবমূখর পরিবেশ নিশ্চিত করে স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে আসবেন, পছন্দের প্রার্থীকে ভোট দেবেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বভাবিক পরিণতি হিসেবে জয় পরাজয়কে মেনে নেবেন।

এ এম এম নাসির উদ্দিন বলেন, ভোটার, প্রার্থী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থা, সাংবাদিক, পর্যবেক্ষক, সেবা প্রদানকারী সংস্থা ও ব্যক্তিসহ সংশ্লিষ্ট সকলের কাছে অনুরোধ; ব্যক্তিগত কষ্ট-ক্লেশ তুচ্ছ করে জাতীয় নির্বাচনের এই মহতি ব্যবস্থাকে সহযোগিতা করে সার্থক করে তুলুন।

তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠান করতে চাই। যে কোনো অনভিপ্রেত ঘটনা মোকাবেলায় নির্বাচনি কর্মকর্তা, মাঠপর্যায়ে কর্মরত বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তা করুন।

সিইসি বলেন,  আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমূখর নির্বাচনের সাক্ষী হতে পারব এই প্রত্যাশা ব্যক্ত করে এবং পুনরায় আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করছি।