ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন জামায়াত জোটে মনোনীত ঢাকা-১৩ আসনের রিকশা প্রতীকের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মো. মামুনুল হক। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ১০ মিনিটে মোহাম্মদপুর সাতমসজিদ রোডের সরকারি শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-১৩ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮ হাজার ৭৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৮১২ জন, নারী ভোটার ১ লাখ ৯৮ হাজার ৯৭১ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮ জন।
এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনীত হয়ে ধানের শীষ প্রতীকে লড়ছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ববি হাজ্জাজ।
এ ছাড়া এই আসনে সংসদ প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন গণঅধিকার পরিষদের (জিওপি) মিজানুর রহমান, কলস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সোহেল রানা। রকেট প্রতীকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)-এর মো. শাহাবুদ্দিন। মই প্রতীকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর মো. খালেকুজ্জামান।
এ ছাড়া হারিকেন প্রতীকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ মুসলিম লীগ-এর শাহরিয়ার ইফতেখার। আপেল প্রতীকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ-এর ফাতেমা আক্তার মুনিয়া এবং ঘুড়ি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন শেখ মো. রবিউল ইসলাম।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন