ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা অভিযোগ করে বলেছেন, নানা অজুহাতে তার পোলিং এজেন্টদের বিভিন্ন কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর খিলগাঁও মডেল কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
তাসনিম জারা বলেন, বেশ কিছু জটিলতার মধ্যে আমাদের যেতে হচ্ছে। বিভিন্ন অজুহাতে আমাদের পোলিং এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না বা বের করে দেওয়া হচ্ছে। বানোয়াট কিছু নিয়ম বানিয়ে এসব অজুহাত তৈরি করা হচ্ছে। কাউকে বলা হচ্ছে, ওরা তো এখানকার ভোটার না। এটা তো নিয়ম না। তারপর পুরুষ কেন্দ্রে নারী এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। তারপর বলা হচ্ছে, ফোন নিয়ে ঢোকা যাবে না কিংবা ফোন নিয়ে ঢোকা যাবে, ব্যবহার করা যাবে না।
এনসিপি থেকে বের হয়ে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচিত তাসনিম জারা বলেন, আমার পোলিং এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। অথচ মানুষ ভেতরে ভোট দিচ্ছে। এটা তো গ্রহণযোগ্য না।
খিলগাঁও, সবুজবাগ ও মুগদা নিয়ে ঢাকা-৯ আসন গঠিত। নির্বাচন কমিশনের তথ্যমতে, এ আসনের মোট ভোটার সংখ্যা চার লাখ ৬৯ হাজার ৩৬০। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৩৭ হাজার ৬৭৩ আর নারী ভোটারের সংখ্যা দুই লাখ ৩১ হাজার ৬৮২ জন।
আসনটিতে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব, স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মোহাম্মদ জাবেদ মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের শাহ ইফতেখার আহসান, জাতীয় পার্টির কাজী আবুল খায়ের, গণফোরামের নাজমা আক্তার, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মো. মনিরুজ্জামান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) খন্দকার মিজানুর রহমান, ন্যাশনাল পিপলস পার্টির শাহীন খান, বাংলাদেশ মুসলিম লীগের মাসুদ হোসেন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) মোহাম্মদ শফি উল্লাহ চৌধুরী, ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশের নাহিদ হাসান চৌধুরী জুনায়েদ।



