ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পদত্যাগপত্র জমা দিয়েছেন আইজিপি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৭:৩৯ পিএম
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। ছবি- সংগৃহীত

চুক্তিভিত্তিক নিয়োগে থাকা পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পদত্যাগপত্র তিনি সরাসরি মন্ত্রণালয়ে পাঠিয়েছেন।

পদত্যাগের আগে সকালে পুলিশ সদর দপ্তরে নিয়মিত বৈঠকে আইজিপি কর্মকর্তাদের উপস্থিতিতে নিজের পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান। পুলিশ সদর দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সূত্রে জানা যায়, আজকের বৈঠকটি মূলত ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিরাপত্তা প্রস্তুতি এবং নিয়মিত কর্মপরিকল্পনা নিয়ে আয়োজন করা হয়েছিল। বৈঠকের সময়ে উপস্থিত কর্মকর্তারা বাহারুল আলমকে তার পদত্যাগ পুনর্বিবেচনার জন্য অনুরোধ করেন।

তবে বৈঠকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না নেওয়ার পরও দুপুরের দিকে তিনি পদত্যাগপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেন। এই পদক্ষেপ পুলিশ সদর দপ্তরের কর্মকর্তাদের মধ্যে বিস্ময় সৃষ্টি করেছে এবং খবরটি পুলিশ বাহিনীর মধ্যে দ্রুত ছড়িয়ে পড়েছে।

এর আগে গত জানুয়ারিতে আইজিপি তার সরকারি পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন প্রশাসনিক পদে রদবদল হয়। এর ধারাবাহিকতায় সে বছর ২১ নভেম্বর বাহারুল আলমকে আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে ২০২০ সালে তিনি পুলিশ বিভাগ থেকে অবসরে গিয়েছিলেন।