বিএনপি চেয়ারম্যান তারেক রহমনের নেতৃত্বে বাংলাদেশে নব-নির্বাচিত সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় আসছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রীর এই সফর নেপাল ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করা এবং সহযোগিতার বন্ধন গভীর করার প্রতিশ্রুতি প্রতিফলিত করবে। মন্ত্রী শর্মা কাঠমান্ডু থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাত ১০টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন। ১৯ ফেব্রুয়ারি তার দেশে ফেরার কথা রয়েছে।
সফরের সময় তার সঙ্গে থাকবেন মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তাবৃন্দ।
এর আগে, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নেপালের প্রধানমন্ত্রী সুশিলা কার্কি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে তার নির্বাচনি জয়ে অভিনন্দন জানিয়েছেন।
অভিনন্দন বার্তায় তিনি বলেছেন, ‘বাংলাদেশে ত্রয়োদশ সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় সরকার ও জনগণকে আন্তরিক অভিনন্দন। বিশেষভাবে তারেক রহমানকে বিএনপি নেতৃত্বে অসাধারণ জয় পাওয়ায় শুভেচ্ছা জানাই।’
সুশিলা কার্কি বলেন, আমি আশা করি আমরা ঘনিষ্ঠভাবে কাজ করে প্রতিবেশীসুলভ সম্পর্ক আরও দৃঢ় করব এবং উভয় পক্ষের স্বার্থে সহযোগিতা জোরদার করব।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন