ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিএনপি শপথ না নিলে জামায়াতও নেবে না

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ১২:০০ পিএম
জামায়াত সেক্রেটারি। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংবিধান সংশোধনের বিষয়টি সংসদে গৃহীত হওয়ার আগে এই পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার সুযোগ নেই। এদিকে, বিএনপি এই শপথ না নিলে জামায়াতে ইসলামী তাদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ না নেওয়ার কথা নিশ্চিত করেছে।

মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, ‘আমরা জাতীয় সংসদে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছি, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নয়। তাই সাংবিধানিক প্রক্রিয়া ছাড়া এই পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কোনো সুযোগ নেই।’ তিনি আরও উল্লেখ করেন, দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং বিএনপি সংবিধান মেনেই কার্যক্রম পরিচালনা করবে।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের গণমাধ্যমকে জানিয়েছেন, তারা দুপুর ১২টায় শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, তবে বিএনপির সিদ্ধান্তের ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেবেন।

 

তিনি স্পষ্ট করেন, ‘সংস্কারবিহীন সংসদ অর্থহীন। বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ না করে, তবে জামায়াতের সদস্যরাও কোনো শপথ নেবেন না।

বিশ্লেষকদের মতে, জামায়াতের এই অবস্থান বিএনপির সঙ্গে তাদের রাজনৈতিক বোঝাপড়া এবং সংসদীয় কৌশলের ক্ষেত্রে একটি বড় দিকনির্দেশনা নির্দেশ করছে।