নির্বাচনের ছুটি শেষ হওয়ায় নারায়ণগঞ্জের মদনপুর অংশে এশিয়ান হাইওয়েতে হঠাৎ করে ট্রাকের চাপ বেড়েছে। এর প্রভাবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সরেজমিন দেখা যায়, মহাসড়কের সাইনবোর্ড এলাকা থেকে কাঁচপুর পর্যন্ত এবং কাঁচপুর থেকে লাঙ্গলবন্দ সেতু পর্যন্ত তীব্র যানজট বিরাজ করছে। বিশেষ করে কাঁচপুর ব্রিজ ও আশপাশের এলাকায় যানবাহনের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে।
কাঁচপুর হাইওয়ে থানার ট্রাফিক ইনচার্জ বিষ্ণুপদ শর্মা বলেন, নির্বাচনের ছুটি শেষে শিল্পকারখানা ও পণ্য পরিবহন কার্যক্রম স্বাভাবিক হওয়ায় ট্রাক চলাচল উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ ছাড়া মদনপুরের এশিয়ান হাইওয়ের কয়েকটি অংশ অতিমাত্রায় ক্ষতিগ্রস্ত থাকায় ভারী যানবাহন ধীরগতিতে চলতে বাধ্য হচ্ছে। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে একাধিক টিম কাজ করছে বলেও জানান তিনি।
সকালে অফিসগামী পরিবহনের চাপের সঙ্গে ভারী যানবাহনের ধীরগতি যুক্ত হওয়ায় যানজট আরও তীব্র আকার ধারণ করে। যাত্রী ও চালকদের অভিযোগ, কয়েক কিলোমিটার পথ অতিক্রম করতে স্বাভাবিক সময়ের দ্বিগুণ সময় লেগেছে। অনেক বাস ও পণ্যবাহী যানবাহন বিকল্প সড়ক ব্যবহারের চেষ্টা করলেও তাতে খুব বেশি স্বস্তি মেলেনি।
ঢাকাগামী যাত্রী সোহেল রানা বলেন, জরুরি কাজে বের হয়ে কাঁচপুর এলাকায় প্রায় এক ঘণ্টা আটকে থাকতে হয়েছে। নির্ধারিত সময়ের অনেক পরে গন্তব্যে পৌঁছাতে হয়েছে। আরেক যাত্রী নুসরাত জাহান জানান, দীর্ঘ সময় বাসে বসে থাকতে গিয়ে চরম ভোগান্তির শিকার হতে হয়েছে।
ট্রাকচালক আবদুল কুদ্দুস বলেন, মদনপুরের এশিয়ান হাইওয়ের কয়েকটি স্থান এতটাই ভাঙা যে দ্রুতগতিতে গাড়ি চালানো সম্ভব নয়। ফলে পেছনে যানবাহনের সারি দীর্ঘ হচ্ছে। বাসচালক রবিউল ইসলামও জানান, সকালের ব্যস্ত সময়ে ট্রাকের চাপ বেশি থাকায় গতি কমে যায় এবং যাত্রীদের অসন্তোষের মুখে পড়তে হয়।
সংশ্লিষ্টরা বলছেন, সড়কের ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কার করা না হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটের সমস্যা আরও বাড়তে পারে।


