ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

প্রথম কর্মদিবসে সবার কাছে দোয়া চাইলেন পানিসম্পদমন্ত্রী

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০১:৫২ পিএম
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী। ছবি : সংগৃহীত

নবনিযুক্ত পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী প্রথম কর্মদিবসে দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন। তিনি বলেন, দল-মত নির্বিশেষে সবার ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালন করতে চান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দায়িত্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ প্রতীক্ষা, ত্যাগ ও কঠিন সময় পার করে আমরা নতুন দায়িত্ব গ্রহণ করেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা সবার প্রতি কৃতজ্ঞ এবং সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশের স্বার্থে কাজ করবে। দল-মত নির্বিশেষে দায়িত্ব যথাযথভাবে পালন করতে সবার সমর্থন প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

প্রথম কর্মদিবসের সকালে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে সচিবালয়ে নিজ নিজ দপ্তরে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন তারা।

এদিকে বিকেলে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে সরকারের প্রাথমিক কর্মপরিকল্পনা ও অগ্রাধিকার বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।