ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

৬০ শতাংশ নারী শিক্ষিকাদের নিয়োগ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০৩:৪৮ পিএম
ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি : সংগৃহীত

প্রাথমিক বিদ্যালয়ে নারী শিক্ষিকা নিয়োগে ৬০ শতাংশ কোটা পুনর্বহালের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া বক্তব্যটি ড. আ ন ম এহছানুল হক মিলন মন্ত্রী হওয়ার পর দেওয়া হয়নি। ভিডিওটি পর্যালোচনায় দেখা গেছে, এটি তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকালে একটি বেসরকারি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন।

সংবাদে বলা হয়েছে, গত ২৮ জানুয়ারি চাঁদপুর-১ (কচুয়া) আসনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার সময় ড. মিলন একটি বেসরকারি গণমাধ্যমকে সাক্ষাৎকার দেন। সম্প্রতি সেই সাক্ষাৎকারের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়।

সাক্ষাৎকারে ড. মিলন উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারী শিক্ষার প্রসারে উপবৃত্তি কর্মসূচি চালু করেছিলেন। প্রথমে দশম শ্রেণি পর্যন্ত এবং পরে ইন্টারমিডিয়েট পর্যায়ে উপবৃত্তি সম্প্রসারণ করা হয়েছিল। তিনি জানান, তারেক রহমান ডিগ্রি পর্যায়ে পর্যন্ত উপবৃত্তি সম্প্রসারণ করবেন।

প্রাথমিক বিদ্যালয়ে নারী শিক্ষিকা নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, ইন্টারমিডিয়েট পাস নারীদের জন্য ৬০ শতাংশ কোটা নির্ধারণ করা হয়েছিল, যা পরবর্তী সরকার বাতিল করেছিল। এই কোটা পুনর্বহাল করা হবে বলেও সাক্ষাৎকারে উল্লেখ করেন।

ড. মিলন আরও বলেন, মাদ্রাসা শিক্ষা ও ইংরেজি শিক্ষার মধ্যে বিদ্যমান বৈষম্য দূর করতে, কর্মমুখী শিক্ষা সম্প্রসারণ করতে এবং প্রবাসীদের প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে কর্মসংস্থান ও রেমিট্যান্স বৃদ্ধি করতে সরকার কাজ করবে। পাশাপাশি কারিগরি শিক্ষার গুরুত্ব বাড়িয়ে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে নতুন করে এক সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।