ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

‘কর্মকর্তাদের সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত থাকার নির্দেশ’

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৭:৫৪ পিএম
ছবি- সংগৃহীত

কর্মকর্তা-কর্মচারীদের অফিস শৃঙ্খলা মেনে চলার নির্দেশ দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। সোমবার (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (প্রশাসন) কামরুল হাসানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা জারি করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীর জন্য সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯-এর বিধান অনুযায়ী নিম্নলিখিত কর্মকাণ্ড অফিস শৃঙ্খলার পরিপন্থী এবং শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে:

  • বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকা,
  • বিনা অনুমতিতে অফিস ত্যাগ করা,
  • দেরিতে অফিসে উপস্থিত হওয়া।

এই প্রেক্ষাপটে সব কর্মকর্তা-কর্মচারীকে নির্দেশ দেয়া হয়েছে যে, কর্মদিবসে সকাল ৯টার মধ্যে নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকতে হবে। এছাড়া, অফিস সময় শেষ হওয়ার আগে—রমজান মাসে বিকেল ৩:৩০ এবং রমজান পরবর্তী সময়ে বিকেল ৫টার আগে—কেউ নিজের দপ্তর ত্যাগ করতে পারবে না।

অফিস চলাকালীন দাপ্তরিক বা জরুরি প্রয়োজনে অফিস ত্যাগ করতে হলে সংশ্লিষ্ট দপ্তরের প্রধান (যুগ্মসচিব বা সলিসিটর) থেকে অনুমতি নিতে হবে। অনুমোদনের পর অফিস ত্যাগের রেজিস্ট্রারে এন্ট্রি করতে হবে এবং ডিজিটাল হাজিরা প্রদান নিশ্চিত করতে হবে।

অফিস আদেশে আরও বলা হয়েছে, বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকা, অফিস ত্যাগ বা বিলম্বে উপস্থিতির ক্ষেত্রে সরকারি কর্মচারী শৃঙ্খলা (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী যথাযথ শৃঙ্খলাজনিত ব্যবস্থা নেওয়া হবে।

এই নির্দেশনার মাধ্যমে মন্ত্রণালয় কর্মকর্তাদের মধ্যে অফিস শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করতে চায়, যাতে সরকারি দপ্তরের কার্যক্রম নির্বিঘ্ন ও নিয়মিতভাবে পরিচালিত হতে পারে।