ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গভর্নর পদে পরিবর্তন স্বাভাবিক প্রক্রিয়া : অর্থমন্ত্রী

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৭:৩৫ পিএম
অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : সংগৃহীত

নতুন সরকারের অগ্রাধিকার ও কর্মসূচির অংশ হিসেবেই বাংলাদেশ ব্যাংকে পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে তিনি বলেন, সরকার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে।

নতুন সরকারের অনেক কর্মসূচি ও অগ্রাধিকার রয়েছে। তার অংশ হিসেবেই এই পরিবর্তন, বলেন তিনি।

অর্থমন্ত্রী আরও জানান, শুধু বাংলাদেশ ব্যাংক নয়, প্রয়োজন হলে অন্যান্য ক্ষেত্রেও পরিবর্তন আনা হবে।

এর আগে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা পৃথক দুই প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ১৩ আগস্ট ২০২৪ তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী গভর্নর পদে নিয়োগপ্রাপ্ত ড. আহসান এইচ মনসুরের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।

অন্য এক প্রজ্ঞাপনে নতুন গভর্নর হিসেবে মো. মোস্তাকুর রহমান, এফসিএমএ–কে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়। অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তিনি যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য গভর্নর পদে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, দায়িত্ব পালনকালে সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত অনুযায়ী তিনি বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বাংলাদেশ ব্যাংক থেকে গ্রহণ করবেন। নিয়োগের অন্যান্য বিষয় চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।