ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয় : প্রধানমন্ত্রী

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৬:৩৪ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি- রূপালী বাংলাদেশ

বাংলাদেশের মানুষ আজ অনেক প্রত্যাশা, আশা ও আকাঙ্ক্ষা নিয়ে আমাদের সবার দিকে তাকিয়ে আছে। বিশেষ করে, রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে। আগামী দিনে আমাদের কাজগুলো যেন দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের সঞ্চালনায় কারি বেলাল হোসাইনের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

প্রধানমন্ত্রী বলেন, আজকে দেশের একটি গুরুত্বপূর্ণ সময়ে সবাই আমরা এখানে একত্রিত হয়েছি। কিছুদিন আগে দেশে নির্বাচন হয়েছে, তার মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। এই গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ গত এক যুগের বেশি সময় ধরে অকাতরে জীবন দিয়েছে। অত্যাচার, নির্যাতন, গুম, খুনের শিকার হয়েছে। 

তিনি বলেন, এত ত্যাগের বিনিময়ে আজকে যে গণতন্ত্রের যাত্রা নির্বাচনের মাধ্যমে শুরু হয়েছে, তার সুযোগ পেয়েছি। হাজারও আত্মত্যাগের মাধ্যমে আমরা বাক ও গণতান্ত্রিক স্বাধীনতা অধিকার চর্চার সুযোগ পেয়েছি। তার জন্য প্রথমে আল্লাহর দরবারে শুকরিয়া জানাই।

এ ছাড়াও ইফতার মাহফিলে সরকারের মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের এমপি ও নেতা, সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষাবিদ, সাবেক বিচারপতি ও সিনিয়র আইনজীবী, কৃষিবিদ, চিকিৎসক, ওলামা-মাশায়েখ, কবি সাহিত্যিক, ব্যবসায়ী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদের নির্বাচিত নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।