ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভিসা নিয়ে বাংলাদেশিদের নতুন তথ্য দিল যুক্তরাষ্ট্র

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ১০:৪১ এএম
ভিসা নিয়ে বাংলাদেশিদের নতুন তথ্য দিল যুক্তরাষ্ট্র। প্রতীকী ছবি

বাংলাদেশসহ বেশ কিছু দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা কার্যক্রম স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। তবে এই স্থগিতাদেশ দর্শনার্থী ভিসার জন্য প্রযোজ্য নয় বলে জানিয়েছে দেশটি।

সোমবার (২ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

বিবৃতিতে বলা হয়েছে, গত ২১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকরভাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বাংলাদেশসহ কিছু দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা কার্যক্রম স্থগিত করেছে। যেসব দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রের করদাতাদের ব্যয়ে তুলনামূলক বেশি হারে সরকারি সহায়তা নেন, তাদের ক্ষেত্রেই এই সিদ্ধান্ত প্রযোজ্য।

এতে বলা হয়েছে, এই ভিসা স্থগিতাদেশ দর্শনার্থী (ভিজিটর) ভিসার জন্য প্রযোজ্য নয়। প্রভাবিত দেশগুলোর নাগরিকরা অভিবাসী ভিসার আবেদন জমা দিতে পারবেন এবং নির্ধারিত সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন। পররাষ্ট্র দপ্তর ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারণ কার্যক্রম চালিয়ে যাবে। আরও তথ্য পাওয়া যাবে: https://ow.ly/7b6C50YnR5u