সরকারের ভূমি মন্ত্রণালয়ের অধীনে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের এসডি-১৯ প্যাকেজের আর্থিক প্রস্তাব উন্মুক্তকরণ সভা স্থগিত করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের আমলে পুনঃদরপত্রে বড় ধরনের জালিয়াতি হওয়ায় নতুন বিএনপি সরকার অনিবার্য কারণ দেখিয়ে সোমবার স্থগিত করার নির্দেশ দিয়েছে।
তবে প্যাকেজের আওতাভুক্ত রয়েছে চারটি প্রকল্প। তার মধ্যে বরগুনা জেলার ছয়টি উপজেলায় প্রায় ৪ লাখ ৮৮ হাজার ৯৯৪ একর জমিতে ডিজিটাল ক্যাডাস্ট্রাল মানচিত্র প্রণয়নে গৃহীত এসডি-১৯ প্যাকেজের আর্থিক প্রস্তাব উন্মুক্তকরণ সভা স্থগিত করা হয়েছে।
প্রকল্পগুলো অনুমোদনের জন্য রোববার (২ মার্চ) নির্ধারিত দিনক্ষণ ছিল। তবে গত ২৪ ফেব্রয়ারি (মঙ্গলবার) রূপালী বাংলাদেশ-এর প্রথম পাতায় ‘ভয়ঙ্কর টেন্ডার জালিয়াতি’ শিরোনামে অনুসন্ধানী প্রতিদবেদন প্রকাশ হলে রোববার (২ মার্চ) তা স্থগিতের নির্দেশ দেয় সরকার।
প্রকল্প সূত্রে জানা গেছে, ভূমি মন্ত্রণালয়ের অধীনে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ড্রোন দিয়ে (ডিজিটাল) ভূমি জরিপ কাজের পুনঃদরপত্রে উল্লিখিত বাধ্যতামূলক শর্তগুলোর মধ্যে তিনটি পূরণ করেনি কোম্পানিগুলো। এদিকে শর্তভঙ্গ করলেও যেদিন বিএনপি সরকার গঠন করে, সেদিনই তড়িঘড়ি করে প্রকল্প কমিটির সদস্যরা ‘ইভ্যালুয়েশন’ সম্পন্ন করে ফাইল চূড়ান্ত করেন। রোববার (২ মার্চ) চূড়ান্ত অনুমোদনের প্রস্তাব ছিল। তবে এটি ছিল প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ। এরপর দ্বিতীয় পর্যায়ের কাজ, যেটা মূলত প্রকল্পের বাজেট নির্ধারণ ও ব্যয়-সংক্রান্ত।
ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল ভূমি জরিপ পরিচালনার সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পগুলো হলো- এসডি-১৮ (পটুয়াখালী), এসডি-১৭ (বরগুনা), এসডি-১৯ (সিরাজগঞ্জ) এবং এসডি-২০ (পাবনা)। জরিপ প্রকল্পের পুনঃটেন্ডারে ১৯৭টি প্রতিষ্ঠান আবেদন করলেও ২১টি কোম্পানিকে মূল্যায়ন করা হয়েছে।
সরকারের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অধীন ‘ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ করার জন্য ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ডিজিটাল জরিপ পরিচালনার সক্ষমতা বৃদ্ধিকরণ (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্মারকে উল্লেখ করা হয়েছে, ‘Selection of Consulting Firm for Conducting Digital Land Survey for Preparing Digital Cadastral Map about 4,88,994 Acres of Land in 6 Upazilas of Barguna District শীর্ষক কার্যক্রমের (প্যাকেজ নং- SD-১৯) জন্য দাখিলকৃত আর্থিক প্রস্তাব (Financial Proposal) উন্মুক্তকরণে ২ মার্চ সভা আহ্বান করা হয়েছিল। কিন্তু অনিবার্য কারণবশত নির্ধারিত তারিখের ওই সভা স্থগিত করা হয়েছে।’ সভার পরবর্তী তারিখ পত্রের মাধ্যমে সংশ্লিষ্টদের জানানো হবে বলে জানানো হয়।
স্মারকটি স্বাক্ষর করেন প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ও দরপত্র/প্রস্তাব মূল্যায়ন কমিটির সভাপতি মো. শাফায়াত মাহবুব চৌধুরী। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান জেভি অব গ্রিহায়ান লিমিটেডকে অবহিত করা হয়েছে। পাশাপাশি মহাপরিচালক গ্রেড-১), ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সদয় অবগতির জন্য অনুলিপি প্রেরণ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন