ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পুলিশের উচ্চ পর্যায়ের ১০ কর্মকর্তাকে বদলি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৫:০৯ পিএম
পুলিশের লোগো। ছবি : সংগৃহীত

পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বদলির অংশ হিসেবে বগুড়া, সিলেট, বরিশাল, জামালপুর, ময়মনসিংহ ও খাগড়াছড়ি জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (৪ মার্চ) মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনের তথ্য মতে, বগুড়ার পুলিশ সুপার মো. শাহাদাত হোসেনকে এপিবিএনে, খাগড়াছড়ির পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদকে বগুড়ার পুলিশ সুপার, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকারকে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে নোয়াখালীর পিটিসিতে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুল হাসানকে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সিলেটের পুলিশ সুপার কাজী আখতার উল আলমকে এপিবিএনে বদলি করা হয়েছে। জামালপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেককে সিলেট জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার মোছা. ফারহানা ইয়াসমিনকে জামালপুর জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বরিশালের পুলিশ সুপার ফারজানা ইসলামকে নৌ পুলিশে বদলি করা হয়েছে। আর পুলিশ সদর দপ্তরের এ জেড এম মোস্তাফিজুর রহমানকে বরিশাল জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।