বিশ্বের বহু নামিদামি লেখকই মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর জীবনী লিখেছেন। এবার সহজ ভাষায় বিশ্বনবীর (স.) জীবনী মানুষের সামনে তুলে ধরার আগ্রহ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
শনিবার (৭ মার্চ) নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এ আগ্রহ প্রকাশ করেন তিনি।
ফেসবুক পোস্টে আসিফ নজরুল লেখেন, কয়েক বছর আগে আমি হজ্ব করে আসি। এরপর ধর্মীয় বিষয়ে জানার আগ্রহ বৃদ্ধি পায়। আমাদের মহানবী (সা.)-এর জীবনী পড়ি বেশকিছু। মনে একটা প্রবল ইচ্ছে জন্ম নেয়, সহজ ভাষায় ওনার জীবনী লেখার।
তিনি লেখেন, মানুষের পথপ্রদর্শক ছাড়াও ব্যবসা, যুদ্ধপরিচালনা, কূটনীতি, দেশশাসন, মানবাধিকার ইত্যাদি ক্ষেত্রে উনার অসামান্য সাফল্যকে তুলে ধরার। এটা অনেক বড় কাজ, অনেক বিশাল। তবু আমি সাহস করে প্রস্তুতির কাজ শুরু করি। এর মধ্যে দেশে সরকার পরিবর্তন হয়। আমার পুরো পৃথিবী বদলে যায়। লেখালেখি দূরের কথা, এগুলো নিয়ে ভাবার সময় পর্যন্ত পেতাম না।
আসিফ নজরুল লেখেন, আল্লাহর রহমতে এখন আবার স্বাভাবিক জীবনে ফেরত এসেছি। আবার আমার মনে পুরানো ইচ্ছেটা জাগ্রত হচ্ছে। ইনশাল্লাহ্ শুরু করব। আপনারা দোয়া করবেন।


