ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পর্তুগাল পোল্যান্ডসহ ৪ দেশে নিযুক্ত রাষ্ট্রদূত প্রত্যাহার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০৫:৩১ পিএম
ছবি-সংগৃহীত

পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপে চুক্তিভিত্তিকভাবে নিয়োগপ্রাপ্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করেছে সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল। একইসঙ্গে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকেও ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (৮ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপে দায়িত্ব পালন করা চুক্তিভিত্তিক রাষ্ট্রদূত এম. মাহফুজুল হক, মো. ময়নুল ইসলাম, এম মুশফিকুল ফজল (আনসারী) এবং মো. নাজমুল ইসলামকে প্রত্যাহার করে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে বদলি করা হয়েছে। এছাড়া যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে কর্মরত আবিদা ইসলামকেও প্রত্যাহার করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সংশ্লিষ্ট রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে দ্রুততম সময়ের মধ্যে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।