ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের এমপি প্রার্থী শরিফ ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ দুজনকে আটক করেছে ভারত। তবে আটক দুজনের বিষয়ে বাংলাদেশকে এখনো কোনো তথ্য জানানো হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
সোমবার (০৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আটক দুজনের সঙ্গে দেখা করতে কনস্যুলার অ্যাক্সেসের আবেদন করা হয়েছে। তবে কলকাতা এ বিষয়ে এখনো কিছু জানায়নি।
তিনি বলেন, ‘হাদি হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে ভারতীয় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। বন্দি বিনিময় চুক্তির আওতায় তাদের ফেরত চাওয়া হবে।’
ভারতের কাছে ‘পর্যাপ্ত তথ্য’ চাওয়া হয়েছে জানিয়ে শামা ওবায়েদ বলেন, ‘কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে দুজনকে ফিরিয়ে আনা হবে। গতকাল কলকাতার কাছে কনস্যুলার অ্যাক্সেস চাওয়া হয়েছে। এই অ্যাক্সেস পেলে পররাষ্ট্র মন্ত্রণালয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। কলকাতা এখনো কিছু জানায়নি।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, ‘শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান আছে। জুলাই গণঅভ্যুত্থানে যারা মানবতাবিরোধী অপরাধ করেছে, তাদের বিচারের ব্যাপারে সরকার সচেষ্ট রয়েছে।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন