পুলিশ বাহিনীর জনবল বাড়াতে চার হাজার সাব-ইন্সপেক্টর (এসআই) পদ সৃষ্টির প্রস্তাব নিয়ে পর্যালোচনা বৈঠক আহ্বান করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় এ প্রস্তাব দেওয়া হবে বলে জানা গেছে। আগামী ১০ মার্চ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সোমবার (৮ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফেরদৌসী খানম স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। নোটিশে বলা হয়, পুলিশ অধিদপ্তরের পাঠানো প্রস্তাব অনুযায়ী বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোর আওতাধীন বিভিন্ন ইউনিটে গ্রেড-১০-এর চার হাজার নিরস্ত্র এসআই পদ সৃষ্টির বিষয়টি সভায় আলোচনা করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সকাল ১০টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পরপরই সালাহউদ্দিন আহমদ পুলিশ বাহিনীর বিভিন্ন স্তরে জনবল ঘাটতির বিষয়টি তুলে ধরেন। গত ২৩ ফেব্রুয়ারি অধীনস্থ দপ্তরগুলোর প্রধানদের সঙ্গে বৈঠকে তিনি দ্রুত শূন্য পদগুলো পূরণের ওপর গুরুত্বারোপ করেন।
ওই বৈঠকের পর তিনি জানান, পুলিশের প্রায় সব পর্যায়েই জনবল সংকট রয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে ২ হাজার ৭০১টি কনস্টেবল পদে নিয়োগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ২৬ ফেব্রুয়ারি পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদেও দ্রুত নিয়োগের ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

